প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 31, 2025
জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!
আবু বকর আবির,
জবি প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন শুরুর কিছু সময় আগেই স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনের ঘোষণায় নির্বাচন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দুই দশক পর এ নির্বাচনকে শিক্ষার্থীরা ঐতিহাসিক একটি আয়োজন হিসেবে দেখছিলেন। নির্বাচনের জন্য পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোট দেওয়ার প্রস্তুতি সম্পন্ন ছিল। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। প্রত্যেক ১০০ জন শিক্ষার্থীর জন্য আলাদা বুথ এবং ভোট শেষে ইলেকট্রনিক পদ্ধতিতে গণনার পরিকল্পনার কথাও জানিয়েছিল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় ভোট স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।
সিন্ডিকেটের এমন শিক্ষার্থী বিমুখ সিদ্ধান্তে পুরো ক্যাম্পাসে তুমুল উত্তেজনা চলমান।